হজে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর জন্য দোয়া চাইলেন ধর্মমন্ত্রী
মানব কথা:পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি হাজিদের কাছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল নেতৃত্বের জন্য বিশেষ দোয়া কামনা করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। রোববার (২৪ মে) হজযাত্রীদের মিনায় রওনা দেওয়ার সময় তিনি এ দোয়া কামনা করেন। একই সঙ্গে তিনি মুসলিম উম্মাহর শান্তি, নিরাপত্তা, সমৃদ্ধি ও কল্যাণ এবং দেশের অগ্রগতি ও স্থিতিশীলতার জন্যও দোয়া চান। ধর্মমন্ত্রী বলেন, আল্লাহ যেন সবাইকে সঠিক বুঝ দান করেন এবং মুসলিম উম্মাহর মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব ও সম্প্রীতি বজায় রাখেন। তিনি আরও বলেন, দেশ যেন সব ধরনের অস্থিরতা ও সংকট থেকে মুক্ত থেকে উন্নয়ন ও শান্তির পথে এগিয়ে যেতে পারে। হজ ব্যবস্থাপনা নিয়ে তিনি বলেন, সরকার হাজিদের যাতায়াত, আবাসন, চিকিৎসাসহ সব ক্ষেত্রে উন্নত সেবা নিশ্চিত করতে কাজ করছে। এবারের হজ ব্যবস্থাপনা আগের যেকোনো সময়ের তুলনায় আরও উন্নত ও সুশৃঙ্খল হয়েছে বলেও দাবি করেন তিনি। ধর্মমন্ত্রী সৌদি সরকারের হজ ব্যবস্থাপনার প্রশংসা করে বলেন, মিনায়, আরাফায় ও মুজদালিফায় এবার অত্যন্ত উন্নত ও সুন্দর আয়োজন করা হয়েছে। হাজিদের সেবায় সৌদি আরবের আন্তরিকতা প্রশংসনীয়। তিনি আশা প্রকাশ করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় এবারের হজ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হবে, ইনশাআল্লাহ।









