দেশে ভয়াবহ রূপ নিচ্ছে হাম, একদিনে প্রাণ গেল ১৭ শিশুর

সময়: 2:36 pm - May 25, 2026 |

মানব কথা: দেশে হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন শিশুর মৃত্যু হামে হয়েছে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদফতর। বাকি ১৬ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। সোমবার প্রকাশিত স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এসব মৃত্যুর ঘটনা ঘটে। এ নিয়ে গত ৭১ দিনে দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪৫ জনে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৪৫৮ শিশু এবং নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৮৭ শিশু। সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুদের মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সিলেট বিভাগে ৩ জন, রাজশাহী, চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ২ জন করে এবং ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশে নতুন করে হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ১২৭ জন। এছাড়া হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১ হাজার ২৭ শিশু। ভর্তি হওয়া শিশুদের মধ্যে ঢাকা বিভাগেই রয়েছে ৪২৭ জন। এরপর চট্টগ্রামে ২০৮, বরিশালে ১২৮ এবং খুলনায় ৯৫ জন ভর্তি হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ হাজার ৪০৫ জন। উল্লেখ্য, দেশে গত ১৫ মার্চ প্রথম হাম রোগী শনাক্ত হয়। এরপর থেকে গত ৭১ দিনে মোট হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৪ হাজার ৯৪০ জনে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫১ হাজার ৫৮৫ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৮ হাজার ৭১৯ জনের শরীরে।

Share Now

এই বিভাগের আরও খবর