ক্যান্টিনে তেলাপোকা, আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা

সময়: 6:32 pm - May 31, 2026 |

মানব কথা:রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন হাসপাতালে অভিযান চালিয়ে তিন লাখ টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও খাদ্য অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। হাসপাতালের ক্যান্টিনে তেলাপোকাসহ বিভিন্ন অনিয়ম পাওয়ায় এ জরিমানা করা হয়। রোববার (৩১ মে) সন্ধ্যায় হাসপাতাল পরিদর্শনে গিয়ে এই জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম। তিনি জানান, হাসপাতালের বিভিন্ন বিভাগ ও ক্যান্টিন পরিদর্শনের সময় খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি সংক্রান্ত একাধিক অনিয়ম ধরা পড়ে। এর মধ্যে ক্যান্টিনে তেলাপোকা পাওয়া এবং সংরক্ষণ ব্যবস্থায় ত্রুটি উল্লেখযোগ্য। এসব অনিয়মের কারণে নিরাপদ খাদ্য আইনের আওতায় দুই লাখ টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান, ব্লাড ব্যাংক ছাড়া হাসপাতালের অন্যান্য ওয়ার্ডের রেফ্রিজারেটরে তাপমাত্রা পরিমাপের মিটার পাওয়া যায়নি। শুধু চিকিৎসকদের চেম্বারে মিটার ছিল। এদিকে হাসপাতালটির মাতৃত্ব ও নবজাতক ওয়ার্ডে একাধিক নবজাতকের মৃত্যু ও অসুস্থতার ঘটনায় এখনো সুনির্দিষ্ট কারণ শনাক্ত করা যায়নি। এ ঘটনায় কোনো গাফিলতি ছিল কি না তা খতিয়ে দেখতে স্বাস্থ্য অধিদপ্তর গঠিত তদন্ত কমিটি কাজ করছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেছে, নবজাতকদের মৃত্যুর ঘটনায় তাদের কোনো অবহেলা বা গাফিলতি ছিল না। অন্যদিকে, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী ও ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম জুলফিকার আলী জুনু স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, আইজিপি, র‍্যাব মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের কাছে এ নোটিশ পাঠান। নোটিশে দেশের সব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের জরুরি চিকিৎসাসেবার মান যাচাই এবং অনিয়ম প্রতিরোধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনারও দাবি জানানো হয়েছে

Share Now

এই বিভাগের আরও খবর