ঈদযাত্রায় পদ্মা-যমুনা সেতুতে টোল আদায় ৬৩ কোটি টাকা, নির্বিঘ্ন ছিল যাতায়াত

সময়: 6:57 pm - May 31, 2026 |

মানব কথা:পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পদ্মা ও যমুনা সেতু দিয়ে ১০ দিনে প্রায় ৬ লাখ ৮০ হাজার যানবাহন পারাপার হয়েছে। এ সময়ে দুই সেতু থেকে মোট ৬৩ কোটি ৮০ লাখ টাকার বেশি টোল আদায় হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। রোববার (৩১ মে) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেতু কর্তৃপক্ষ জানায়, সরকারের সার্বিক তত্ত্বাবধান ও সমন্বিত ব্যবস্থাপনার কারণে এবারের ঈদযাত্রা ছিল নিরাপদ, নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ। ঘরমুখো মানুষ স্বস্তিতে বাড়ি পৌঁছেছেন এবং ঈদ শেষে কর্মস্থলেও ফিরছেন। সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বলেন, মানুষের ঈদযাত্রাকে নির্বিঘ্ন করতে সার্বক্ষণিক মনিটরিং ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। ফলে বড় ধরনের কোনো দুর্ঘটনা কিংবা দীর্ঘ যানজটের ঘটনা ঘটেনি। সেতু কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত ২১ মে থেকে ৩০ মে পর্যন্ত ১০ দিনে পদ্মা সেতু দিয়ে ৩ লাখ ১৮ হাজার ৫১৫টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩৬ কোটি ১১ লাখ ৯৫ হাজার ৯০০ টাকা। অন্যদিকে একই সময়ে যমুনা সেতু দিয়ে ৩ লাখ ৬১ হাজার ৪৮২টি যানবাহন চলাচল করেছে। এ সেতু থেকে টোল আদায় হয়েছে ২৭ কোটি ৬৮ লাখ ৫৪ হাজার ৯০০ টাকা। দুই সেতু মিলিয়ে মোট ৬ লাখ ৭৯ হাজার ৯৯৭টি যানবাহন পারাপার হয়েছে এবং টোল আদায়ের পরিমাণ দাঁড়িয়েছে ৬৩ কোটি ৮০ লাখ ৫০ হাজার ৮০০ টাকা। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিগত বছরগুলোর তুলনায় এবার যানবাহনের চাপ বেশি থাকলেও সুশৃঙ্খল ব্যবস্থাপনার কারণে যাত্রীদের উল্লেখযোগ্য ভোগান্তির মুখে পড়তে হয়নি। এটি দেশের সড়ক ও সেতু ব্যবস্থাপনায় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের দক্ষতা ও সক্ষমতার প্রতিফলন। ঈদযাত্রা সফল করতে স্থানীয় প্রশাসন, পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, স্বাস্থ্যসেবা বিভাগ, পরিবহন মালিক-শ্রমিক, সাংবাদিক এবং সংশ্লিষ্ট সকল পক্ষের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। সেতু কর্তৃপক্ষের মতে, সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রচেষ্টার ফলে এবারের ঈদুল আজহা উপলক্ষে দেশের অন্যতম বৃহৎ যাতায়াত ব্যবস্থাপনা সফলভাবে সম্পন্ন হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর