ফাহিমা হত্যার বিচার দ্রুত শেষ করতে সরকারের প্রতি আহ্বান জামায়াত আমিরের
মানব কথা:রাজধানীর পল্লবীর শিশু রামিসা হত্যা মামলার মতো সিলেটের শিশু ফাহিমা হত্যা মামলার বিচারও দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।মঙ্গলবার (২ জুন) দুপুরে সিলেট সদর উপজেলার সোনাতলা এলাকার নিহত শিশু ফাহিমার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে এ দাবি জানান তিনি। ডা. শফিকুর রহমান বলেন, শিশুদের বিরুদ্ধে সংঘটিত নৃশংস অপরাধের বিচার দ্রুত ও দৃশ্যমান হওয়া প্রয়োজন। তিনি দাবি করেন, বিচার প্রক্রিয়া দীর্ঘসূত্রিতায় পড়লে জনগণের আস্থা ক্ষতিগ্রস্ত হয় এবং অপরাধ প্রবণতা বাড়তে পারে। তিনি বলেন, শিশু ফাহিমার ওপর সংঘটিত ঘটনা পুরো দেশকে নাড়া দিয়েছে। অপরাধীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এ সময় জামায়াত আমির নিহত শিশুর বাবা-মায়ের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান। পরিবারের সদস্যরা ঘটনার বিভিন্ন দিক তুলে ধরলে তিনি মনোযোগ দিয়ে তা শোনেন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার আশাবাদ ব্যক্ত করেন।উল্লেখ্য, সিলেটে শিশু ফাহিমা আক্তারকে হত্যা ঘিরে দেশজুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন মহল থেকে জোরালো দাবি উঠেছে।









