অবৈধ পুশইনের বিপক্ষে সরকার, সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী

সময়: 11:45 am - June 2, 2026 |

মানব কথা:সরকার যেকোনো ধরনের অবৈধ পুশইন বা পুশ-ব্যাকের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সতর্ক অবস্থানে রয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। মঙ্গলবার (২ জুন) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ভারতের সীমান্ত এলাকায় বাংলাদেশি নাগরিকদের আটকের খবর প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি সরকার অবগত রয়েছে। কোনো বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠাতে হলে উভয় দেশের মধ্যে প্রচলিত আইনগত ও কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ করতে হবে।তিনি বলেন, সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় যাচাইয়ের পর ভারত সরকার আনুষ্ঠানিকভাবে তথ্য পাঠালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে এ ধরনের কোনো নতুন তালিকা সরকারের কাছে আসেনি বলেও জানান তিনি।

জঙ্গল সলিমপুরে অভিযান নিয়ে যা বললেন

চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকায় সম্ভাব্য অভিযান প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপারেশনাল স্বার্থে সরকারের পরিকল্পনা এখনই প্রকাশ করা হচ্ছে না। তিনি জানান, দীর্ঘদিন ধরে সেখানে বসবাসরত সাধারণ বাসিন্দাদের উচ্ছেদের পরিকল্পনা সরকারের নেই। তবে সরকারি প্রয়োজনে ভবিষ্যতে কোনো প্রকল্প বাস্তবায়নের প্রয়োজন হলে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। একই সঙ্গে তিনি বলেন, ওই এলাকায় কোনো সন্ত্রাসী বা অপরাধী চক্রের আস্তানা থাকতে দেওয়া হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

রামিসা হত্যা মামলার অগ্রগতি

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যা মামলার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মামলার অধিকাংশ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে এবং বাকি সাক্ষীদের আদালতে হাজির করতে সরকার প্রয়োজনীয় সহযোগিতা করছে।তবে বিচারাধীন বিষয়ে মন্তব্য থেকে বিরত থেকে তিনি বলেন, দ্রুত বিচার সম্পন্ন হওয়া সবার প্রত্যাশা। সরকার বিচার কার্যক্রম নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে, তবে রায় দেওয়া সম্পূর্ণ আদালতের এখতিয়ার। মামলার তদন্তে নতুন কোনো ব্যক্তির সম্পৃক্ততার তথ্য আছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তবে চিকিৎসক ও ফরেনসিক বিশেষজ্ঞদের সাক্ষ্যগ্রহণসহ কিছু আনুষ্ঠানিক প্রক্রিয়া এখনও বাকি রয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর