এলপিজির দাম কমানোর ঘোষণা, ১২ কেজিতে কমলো ৫৫ টাকা
মানব কথা:ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম কমিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫৫ টাকা কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।মঙ্গলবার (২ জুন) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। নতুন মূল্য আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে। বিইআরসির ঘোষণা অনুযায়ী, এতদিন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৯৪০ টাকা। নতুন সিদ্ধান্তে তা কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া অটোগ্যাসের দামও কমানো হয়েছে। প্রতি লিটার অটোগ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ৮৬ টাকা ৯৩ পয়সা, যা আগে ছিল ৮৯ টাকা ৫০ পয়সা।এর আগে চলতি বছরের ১৯ এপ্রিল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা করা হয়েছিল। তারও আগে ২ এপ্রিল আরেক দফায় ৩৮৭ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ৭২৭ টাকা। ফলে এপ্রিল মাসে দুই দফায় ১২ কেজি সিলিন্ডারের দাম মোট ৫৯৯ টাকা বৃদ্ধি পেয়েছিল। সর্বশেষ ঘোষণায় সেই বাড়তি দামের কিছুটা সমন্বয় করা হলো। বাজার সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারে এলপিজির মূল্য ওঠানামার প্রভাবেই দেশে এলপিজির দাম সমন্বয় করা হয়ে থাকে।










