হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
মানব কথা:দেশে হাম পরিস্থিতি এখনও উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ বা সন্দেহজনক সংক্রমণে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। শনিবার (২৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৭ জুন পর্যন্ত দেশে সন্দেহজনক হামে মোট ৬১৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৩ জন। ফলে এই সময়ে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭০৮ জনে। এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ৭৪৪ জন। এর মধ্যে নিশ্চিত হাম রোগী ৪৫ জন। অধিদপ্তরের তথ্যমতে, ১৫ মার্চ থেকে ২৭ জুন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৯৮ হাজার ২৬৬ জন। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম রোগী পাওয়া গেছে ১১ হাজার ৫৯৪ জন। একই সময়ে সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮১ হাজার ৯৫৫ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৮ হাজার ২৮৭ জন।স্বাস্থ্য অধিদপ্তর অভিভাবকদের শিশুদের সময়মতো হামের টিকা নিশ্চিত করার পাশাপাশি জ্বর, শরীরে র্যাশ বা হামের উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার আহ্বান জানিয়েছে।









