এআইকে সহায়ক করে গুণগত আইটি সেবা নিশ্চিত করতে হবে : চুয়েট ভিসি

সময়: 2:13 pm - July 25, 2026 |

মানব কথা:চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়া বলেছেন, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স (এআই) প্রযুক্তির ওপর দক্ষতা অর্জন এবং সেইসাথে এআই’র নিয়ন্ত্রণ হাতে নিতে হবে। নিয়ন্ত্রক নয় বরং এআই’কে সহায়ক হিসেবে গণ্য করে গুণগত আইটি সেবা নিশ্চিত করাই হবে আমাদের লক্ষ্য। তিনি বলেন, এআই প্রযুক্তি ব্যবসা পরিচালনা, খাদ্য নিরপত্তা, এনার্জি সক্ষমতা, দুর্যোগ ও সম্পদ ব্যবস্থাপনা, সাইবার নিরপত্তাসহ প্রযুক্তির সব ক্ষেত্রে আধিপত্য বিস্তার করছে। বিশেষ করে সময় ও ব্যয় সাশ্রয় করে ত্রুটিমুক্ত সফটওয়্যার নির্মাণের ক্ষেত্রে এআই প্রযুক্তির ব্যবহার উদীয়মান সম্ভাবনা হিসাবে গণ্য করা হচ্ছে।   আজ শনিবার চুয়েটের একাডেমিক কাউন্সিল কক্ষে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের উদ্যোগে দিনব্যাপী ‘চ্যালেঞ্জেস অব কোয়ালিটি সফটওয়্যার ডেভলপমেন্ট উইথ এআই অ্যান্ড আইটি এন্টারপ্রেনারশিপ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  কর্মশালায় সহযোগী প্রতিষ্ঠান হিসেবে অংশগ্রহণ করে ঢাকাস্থ দেশের শীর্ষস্থানীয় আইটি কোম্পানি মাইসফট হেভেন (বিডি) লিমিটেড। রিসোর্স পারসন ছিলেন মাইসফট হেভেন (বিডি) লিমিটেডের সিইও ইঞ্জিনিয়ার মো. মোফাখ্খারুল ইসলাম। কর্মশালায় কি-নোট স্পিকার প্রকৌশলী মোফাখ্খারুল ইসলাম বলেন, জনগণের কাছে উন্নত ডিজিটাল সেবা  পৌঁছাতে এআই প্রযুক্তির ব্যবহার বেড়ে চলছে। নবীন ও অভিজ্ঞ প্রকৌশলীদের সাথে নিয়ে একাডেমিক এবং ইন্ডাস্ট্রিজ সেতু বন্ধন করে আমরা উদ্ভাবনী প্রযুক্তিতে জাতীয় সমস্যা সমাধানের পথে এগিয়ে যাচ্ছি।

আজকের কর্মশালার মাধ্যমে এআই প্রযুক্তি চ্যালেঞ্জ এবং এর ব্যবহারের মাধ্যমে কিভাবে মান সম্মত সফটওয়্যার নির্মাণ করা যায়, তা হাতে-কলমে দেখানো হবে। কর্মশালার কো-অর্ডিনেটর ও চুয়েট সিএসই বিভাগের সহকারী অধ্যাপক মীর মু. সাক্বী কাওসারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিএসই বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মাহফুজুল হক চৌধুরী ও প্রভাষক মো. রেফাজ হোসেন। সূত্র : বাসস

Share Now

এই বিভাগের আরও খবর