হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
মানব কথা: দেশে হামের প্রকোপ এখনো উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার (৩০ জুলাই) পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৮৩৫ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত একদিনে নতুন করে আরও এক হাজার পাঁচজনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে দুই শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া সিলেট ও ময়মনসিংহ বিভাগে একজন করে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হামে আক্রান্ত হয়ে নতুন কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। এ পর্যন্ত মোট মৃত্যুর মধ্যে হামের উপসর্গে মারা গেছে ৭৩৯ জন এবং নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৬ জন। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১৩৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ৮৭০ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশে মোট এক লাখ ২৭ হাজার ৪১০ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৫ হাজার ৮৭৪ জনের শরীরে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ১০ হাজার ১৮২ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন এক লাখ ছয় হাজার ৫৩ জন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা হামের সংক্রমণ প্রতিরোধে শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করা, উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্বারোপ করেছেন।








