লটারির মাধ্যমে গণপূর্তের ৭৬৭ উপ-সহকারী প্রকৌশলীর বদলি, স্বচ্ছতা নিশ্চিতের উদ্যোগ

সময়: 12:31 pm - July 30, 2026 |

মানব কথা: বদলি ও পদায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রথমবারের মতো লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীকে বদলি করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। সংশ্লিষ্টরা বলছেন, এ উদ্যোগ সরকারি মানবসম্পদ ব্যবস্থাপনায় একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করবে। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর সেগুনবাগিচায় গণপূর্ত অধিদপ্তরের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে লটারির মাধ্যমে বদলি কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সারোয়ার আলম, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী, যুগ্মসচিব মোহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আবুল খায়ের, আশ্রাফুল হল, মো. আলমগীর খান এবং অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মো. ফিরোজ হাসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।প্রথম দিনের কার্যক্রমে ৭৬৭ জন সিভিল শাখার উপ-সহকারী প্রকৌশলীকে লটারির মাধ্যমে দেশের বিভিন্ন বিভাগে পদায়ন করা হয়। এর মধ্যে ঢাকা বিভাগে ৩১৭ জন, চট্টগ্রামে ১৩৩ জন, রাজশাহীতে ৭৩ জন, খুলনায় ৭৪ জন, বরিশালে ৪৪ জন, সিলেটে ৩৩ জন, ময়মনসিংহে ২৯ জন এবং রংপুর বিভাগে ৬৪ জনকে পদায়ন করা হয়েছে।নবপদায়নপ্রাপ্ত কর্মকর্তাদের গণপূর্ত অধিদপ্তরের প্রধান কার্যালয়, বিভাগীয় কার্যালয় এবং জেলা পর্যায়ের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের বিভিন্ন শাখায় দায়িত্ব দেওয়া হবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আগামী সপ্তাহে ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল (ই/এম) শাখার আরও কয়েকজন প্রকৌশলীকেও একই পদ্ধতিতে বদলি করা হবে।

অনুষ্ঠানে অতিরিক্ত সচিব মো. সারোয়ার আলম বলেন, লটারিভিত্তিক বদলি কার্যক্রমের মাধ্যমে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহিতা আরও শক্তিশালী হবে। একই সঙ্গে সরকারি মানবসম্পদ ব্যবস্থাপনায় একটি আধুনিক, কার্যকর ও গ্রহণযোগ্য পদ্ধতির সূচনা হলো। গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মো. ফিরোজ হাসান বলেন, প্রথমবারের মতো চালু হওয়া এই লটারিভিত্তিক বদলি ব্যবস্থা প্রকৌশলীদের মধ্যে আস্থা, সমতা ও ন্যায়সংগত পদায়ন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Share Now

এই বিভাগের আরও খবর