‘আয়নাঘরের’ আলামত নষ্টকারীদের কাউকে ছাড় দেওয়া হবে না: চিফ প্রসিকিউটর
মানব কথা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, কথিত ‘আয়নাঘর’-এর আলামত নষ্টের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। ট্রাইব্যুনালের বিচার কার্যক্রমে ঘটনাস্থল পরিদর্শন ও সেখানে থাকা নির্যাতনকক্ষের আলামত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন। শনিবার (১ আগস্ট) দুপুরে রাজধানীর উত্তরায় র্যাব-১ সদর দপ্তরে অবস্থিত টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেল, যা ‘আয়নাঘর’ নামে পরিচিত, পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। চিফ প্রসিকিউটর বলেন, “নির্মম নির্যাতনের সেলগুলো সরাসরি দেখানোর জন্য বিচারপতিদের এখানে আনা হয়েছে। এটি মেমোরেন্ডাম অব ইনস্পেকশনের অংশ হিসেবে আদালতের বিচার কার্যক্রমে অন্তর্ভুক্ত হবে। যারা আয়নাঘরের আলামত নষ্ট করেছেন বা আড়াল করার চেষ্টা করেছেন, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।” তিনি আরও দাবি করেন, তদন্তে উঠে এসেছে যে ভারতে পাচারের আগে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদকে উত্তরার এই ‘আয়নাঘরে’ আটকে রাখা হয়েছিল। এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক বেঞ্চ ঘটনাস্থল পরিদর্শন করেন। তাঁদের সঙ্গে ছিলেন সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ, শাইখ মাহদী, সহিদুল ইসলাম সরদার, তাসমিরুল ইসলামসহ প্রসিকিউশন টিমের সদস্যরা। এছাড়া আসামিপক্ষের আইনজীবীরাও পরিদর্শনে অংশ নেন।
পরিদর্শন শেষে সংশ্লিষ্টরা জানান, ঘটনাস্থল থেকে সংগৃহীত তথ্য ও পর্যবেক্ষণ বিচারিক কার্যক্রমে উপস্থাপনের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়ায় সংরক্ষণ করা হবে।








