গুম মামলার তদন্তে র্যাব-১ সদর দপ্তরের ‘আয়নাঘর’ পরিদর্শন করলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকরা
মানব কথা:গুমসংক্রান্ত মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্তের অংশ হিসেবে রাজধানীর উত্তরায় র্যাব-১ সদর দপ্তরে অবস্থিত টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেল, বহুল আলোচিত ‘আয়নাঘর’ পরিদর্শন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর বিচারকরা। শনিবার (১ আগস্ট) বেলা ১১টার দিকে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল র্যাব-১ সদর দপ্তরে গিয়ে টিএফআই সেল পরিদর্শন করেন। তদন্ত কার্যক্রমের অংশ হিসেবে সংশ্লিষ্ট স্থাপনার বিভিন্ন অংশ ঘুরে দেখেন তারা। পরিদর্শনকারী দলে ট্রাইব্যুনালের সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়া চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ, শাইখ মাহদী, সহিদুল ইসলাম সরদার ও তাসমিরুল ইসলামসহ প্রসিকিউশন টিমের সদস্যরা এবং আসামিপক্ষের আইনজীবীরাও পরিদর্শনে অংশ নেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, গুমের অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্তের অগ্রগতির স্বার্থে এই পরিদর্শনের উদ্যোগ নেওয়া হয়। তদন্তে উত্থাপিত বিভিন্ন তথ্য-উপাত্ত যাচাই এবং ঘটনাস্থলের বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণের লক্ষ্যেই বিচারকরা টিএফআই সেল পরিদর্শন করেন। এর আগে গত ২১ জুলাই চিফ প্রসিকিউটরের আবেদনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ র্যাব-১ সদর দপ্তরে অবস্থিত টিএফআই সেল পরিদর্শনের অনুমতি প্রদান করে। সেই আদেশের ধারাবাহিকতায় শনিবার বিচারকরা সরেজমিনে স্থানটি পরিদর্শন করেন।
গুমসংক্রান্ত মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্তে এই পরিদর্শনকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তদন্ত শেষে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতেই পরবর্তী আইনি কার্যক্রম এগিয়ে নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।









