জামায়াতের ৬ দফা কীভাবে ৮ দফা হলো, প্রশ্ন রাশেদ খাঁনের

সময়: 7:20 am - September 19, 2026 |

মানব কথা: জামায়াতে ইসলামীর আমিরের সাম্প্রতিক বক্তব্য এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব প্রশ্ন তোলেন।

রাশেদ খাঁন তার পোস্টে দাবি করেন, জামায়াতের আমির এর আগের একটি লং মার্চে বলেছিলেন, ‘জাতির প্রয়োজনে ৬ দফা ১ দফায় পরিণত হতে পারে।’ আর এবারের লং মার্চে তিনি বলেছেন, ‘জাতির প্রয়োজনে ৮ দফা ১ দফায় পরিণত হতে পারে।’এ প্রসঙ্গে প্রশ্ন তুলে রাশেদ খাঁন লেখেন, ‘জাতি কি জানে, তার প্রয়োজনে কখন ৬ দফা ৮ দফায় পরিণত হলো?’

তিনি আরও লেখেন, ‘যে নেতা দাবিদাওয়া ঠিক করতে পারে না, সেই নেতা শুধু জামায়াতি জাতির নেতা হতে পারে, সমগ্র জাতির নেতা হতে পারে না।’এনসিপির কর্মসূচিতে জনসম্পৃক্ততা নিয়েও প্রশ্ন তোলেন রাশেদ খাঁন। তিনি দাবি করেন, আগের দিন জাতীয় সংসদ ভবনের সামনে এনসিপি আয়োজিত কর্মসূচিতে নেতাকর্মীদের তুলনায় সাংবাদিকদের উপস্থিতি বেশি ছিল বলে তার মনে হয়েছে।

তিনি লেখেন, ‘কোনো বাধা নেই, তারপরও জাতি সাড়াশব্দ করছে না! এই পেছনের কারণ কি এনসিপি কখনো অনুসন্ধান করার চেষ্টা করেছে?’পোস্টের শেষাংশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের আগের বক্তব্যের প্রসঙ্গও টানেন রাশেদ খাঁন। তার দাবি, নির্বাচনের আগে নাহিদ ইসলাম বলেছিলেন, জামায়াতের নেতৃত্বকে দেশের জনগণ কখনোই গ্রহণ করবে না।

রাশেদ খাঁন লিখেছেন, ‘নাহিদ ইসলাম যেদিন জামায়াতের আমিরের নেতৃত্বকে গ্রহণ করলেন, সেদিন থেকে দুই নেতার কোনো নেতার আহ্বানেই জাতি আর সাড়া দিচ্ছে না।’তবে রাশেদ খাঁনের এসব বক্তব্য তার নিজস্ব রাজনৈতিক বক্তব্য ও মন্তব্য। সংশ্লিষ্ট বিষয়ে জামায়াতে ইসলামী ও এনসিপির বক্তব্য জানা গেলে তা এই প্রতিবেদনে যুক্ত করা হবে।

Share Now

এই বিভাগের আরও খবর