হেলিকপ্টারে পালাবেন, নাকি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন—তারেক রহমানকে নাহিদ ইসলাম

সময়: 7:29 am - September 19, 2026 |

মানব কথা: প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান হেলিকপ্টারে করে দেশ ছাড়বেন, নাকি সম্মানের সঙ্গে ক্ষমতা থেকে পদত্যাগ করবেন—সেই সিদ্ধান্ত তাকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লং মার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এসব কথা বলেন।নাহিদ ইসলাম বলেন, ‘স্বৈরাচার এরশাদও অনেক সম্মানের সঙ্গে পদত্যাগ করেছিলেন। ফলে তারেক রহমানকে তার যাওয়ার রাস্তা নিজেকেই নির্ধারণ করতে হবে।’

তিনি বলেন, ‘বিগত ১৬ বছর আমরা মানবাধিকার ও গণতন্ত্রের জন্য লড়াই করেছি। আপনারা (বিএনপি) আমাদের সঙ্গে ছিলেন। এই বিএনপি এখন সরকারে এসে নিজেরাই জনগণের মানবাধিকার হরণ করছে এবং গণতন্ত্রকে ধ্বংস করছে।’নাহিদ ইসলামের ভাষ্য, অতীতে যারা গণতন্ত্রকে ধ্বংস করেছে, তাদের জায়গা হয়েছে ইতিহাসের আস্তাকুঁড়ে। তারেক রহমানকে সিদ্ধান্ত নিতে হবে তিনি কীভাবে ক্ষমতা থেকে চলে যাবেন।

তিনি প্রশ্ন তুলে বলেন, ‘তিনি কি হেলিকপ্টারে করে পালিয়ে দেশ থেকে যাবেন? নাকি সম্মানের সঙ্গে ক্ষমতা থেকে পদত্যাগ করবেন?’

বর্তমান সরকারের সমালোচনা করে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, সরকারের দায়িত্ব ছিল মানবাধিকার সুরক্ষা দেওয়া। কিন্তু তারা মানবাধিকার হরণের সব ধরনের প্রেক্ষাপট তৈরি করছে। শেখ হাসিনা সরকারের সময়ে জনগণের অধিকার হরণে যেসব আইন ও প্রতিষ্ঠান ব্যবহার করা হয়েছে, বর্তমান সরকারও একই আইন ও প্রতিষ্ঠান ব্যবহার শুরু করেছে বলে অভিযোগ করেন তিনি।

লং মার্চকে কেন্দ্র করে সারা দেশে গণজোয়ার তৈরি হয়েছে বলেও দাবি করেন নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, এই কর্মসূচি প্রতিরোধে আগের রাত থেকে ১১ দলের ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা হচ্ছে। এ কাজে বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি সিটি করপোরেশনও যুক্ত হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ‘ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলে এই লং মার্চের গণজোয়ার বন্ধ করা সম্ভব হবে না। দফা বাড়ছে। সকল দফা এক দফায় আসবে।’

১১ দলের লং মার্চের দাবিগুলো

গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি রোধ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোট এ লং মার্চ করছে।

Share Now

এই বিভাগের আরও খবর