সাংবাদিকদের পেশা চর্চায় বাধা মোকাবিলায় ‘জিরো টলারেন্স’ নীতি: তথ্যমন্ত্রী
মানব কথা:মূলধারার গণমাধ্যমকর্মীদের পেশাগত দায়িত্ব পালনে যেকোনো ধরনের অনৈতিক বাধা, হামলা বা হস্তক্ষেপের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। সোমবার (১ জুন) সকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। সম্প্রতি একটি বেসরকারি প্রতিষ্ঠানে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানাতে গিয়ে মন্ত্রী বলেন, ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। তবে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং সমাজের দায়িত্ব।তিনি বলেন, গণমাধ্যমের প্রধান কাজ হলো সমাজের বিভিন্ন স্তরের কার্যক্রম জনগণের সামনে স্বচ্ছভাবে তুলে ধরা। তাই সাংবাদিকদের দায়িত্ব পালনে সহযোগিতা করা রাষ্ট্র ও নাগরিকদের কর্তব্য। টেলিভিশন ও লাইভ মিডিয়ার ভূমিকার প্রশংসা করে জহির উদ্দিন স্বপন বলেন, লাইভ সম্প্রচারের কারণে তথ্য বিকৃতির সুযোগ কম থাকে। স্বচ্ছ ও দায়িত্বশীল গণমাধ্যম সমাজে জবাবদিহিতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।মন্ত্রী আরও জানান, বর্তমান সরকার গণমাধ্যমকে স্বাধীন ও স্বচ্ছ পরিবেশে কাজ করার সুযোগ দিতে প্রতিশ্রুতিবদ্ধ। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, মালিকপক্ষ ও সাংবাদিক নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাওয়ার বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন বলেও উল্লেখ করেন তিনি। সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন মামলার প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, রাজনৈতিক পটপরিবর্তনের পর কিছু ক্ষেত্রে অভিযোগ ও মামলা বেড়েছে। তবে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ ছাড়া কোনো মূলধারার সাংবাদিককে হয়রানি বা মিথ্যা মামলায় জড়ানো হবে না। অপরাধের প্রমাণ থাকলে প্রচলিত আইন অনুযায়ী বিচার হবে। সরকারের প্রথম ১০০ দিনের কার্যক্রমে মূলধারার গণমাধ্যমের দায়িত্বশীল ও ইতিবাচক ভূমিকার জন্য সাংবাদিকদের ধন্যবাদ জানান তথ্যমন্ত্রী। একই সঙ্গে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গণমাধ্যমকর্মী ও দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।









