শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ জন

সময়: 4:37 pm - July 14, 2026 |

মানব কথা: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় ভবঘুরে, ভিক্ষুক ও মাদকাসক্তদের উৎপাত বন্ধে বিশেষ সাঁড়াশি অভিযান চালিয়ে ৮২ জনকে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে ৫৮ জন মাদকাসক্ত পথশিশু এবং বিভিন্ন অপরাধে জড়িত ২৪ জন রয়েছেন। শনিবার (১২ জুলাই) ভোর ৫টা থেকে বিমানবন্দর গোলচত্বর, বিআরটিএ স্টেশন, বিমানবন্দর রেলওয়ে স্টেশন, পুলিশ বক্স সংলগ্ন এলাকা, বিমানবন্দরের প্রবেশপথ, ভিভিআইপি ও ভিআইপি সড়কসহ আশপাশের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, সাম্প্রতিক সময়ে বিমানবন্দর এলাকায় ভবঘুরে, ভিক্ষুক ও মাদকাসক্তদের উৎপাত বেড়ে যাওয়ায় প্রবাসী যাত্রী ও সাধারণ মানুষ বিভিন্ন ধরনের হয়রানির শিকার হচ্ছিলেন। বিষয়টি গণমাধ্যমে প্রকাশের পর নিরাপত্তা জোরদার করতে বিশেষ এই অভিযান পরিচালনা করা হয়। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) নিয়াজ মেহেদী এক বিজ্ঞপ্তিতে জানান, বিমানবন্দর এলাকায় কোনো অবস্থাতেই ভবঘুরে, ভিক্ষুক কিংবা মাদকাসক্তদের অবস্থান করতে দেওয়া হবে না। এ লক্ষ্যে নিয়মিত টহল ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, অভিযানে আটক হওয়া শিশুদের ক্ষেত্রে শিশু আইন, ২০১৩ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ‘শিশুবিষয়ক পুলিশ কর্মকর্তা’র মাধ্যমে তাদের সুরক্ষা ও পুনর্বাসনের প্রয়োজনীয় কার্যক্রমও পরিচালনা করা হচ্ছে। পুলিশের দাবি, অভিযানের পর বিমানবন্দর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান ও টহল অব্যাহত থাকবে।

Share Now

এই বিভাগের আরও খবর