আজ খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, মানতে হবে যেসব নির্দেশনা

সময়: 4:56 am - March 29, 2026 |

মানব কথা: পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে দীর্ঘ ৪০ দিনের বিরতি কাটিয়ে আজ রোববার (২৯ মার্চ) থেকে দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পুরোদমে পাঠদান ও একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে।

একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও ক্লাস ও পরীক্ষা পুনরায় শুরু হওয়ার মধ্য দিয়ে শিক্ষাঙ্গনে প্রাণচাঞ্চল্য ফিরেছে। তবে দীর্ঘ ছুটির পর প্রতিষ্ঠান খোলার এই প্রক্রিয়াকে সুশৃঙ্খল ও স্বাস্থ্যসম্মত রাখতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে কঠোর কিছু নির্দেশনা জারি করা হয়েছে।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ হেলাল চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঈদুল ফিতর ২০২৬-এর ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগেই ক্যাম্পাস ও শ্রেণিকক্ষের সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে।

নির্দেশনায় স্পষ্টভাবে বলা হয়েছে যে, এই পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম কেবল খোলার দিনের জন্য নয়, বরং বছরজুড়েই এই ধারা অব্যাহত রাখতে হবে।

এজন্য প্রতিদিন শ্রেণিকক্ষ ও আশপাশের পরিবেশ তদারকি করার পাশাপাশি প্রতিষ্ঠানভিত্তিক পরিচ্ছন্নতা ব্যবস্থাপনাকে আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা ও দায়িত্ববোধের চর্চা গড়ে তোলার লক্ষ্যে প্রতি সপ্তাহে অন্তত একদিন শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

এর পাশাপাশি প্রতিটি প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ, বিদ্যমান বাগানের নিয়মিত পরিচর্যা এবং শিক্ষার্থীদের পরিবেশ সচেতন করে তুলতে বিভিন্ন উদ্বুদ্ধকরণ কার্যক্রম চালানোর নির্দেশনাও দেওয়া হয়েছে।

অন্যদিকে উচ্চশিক্ষা পর্যায়েও আজ থেকে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক হচ্ছে। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে চলমান বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় সরকার গত ৯ মার্চ থেকে দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল।

এই সিদ্ধান্তের ফলে নির্ধারিত সময়ের আগেই বিশ্ববিদ্যালয়গুলোতে ঈদের ছুটি কার্যকর করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ৯ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত সব ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখা হয়েছিল, যা আজ থেকে পুনরায় সচল হচ্ছে।

দীর্ঘ ছুটির কারণে শিক্ষার্থীদের পাঠ্যক্রমে যে শিখন ঘাটতি তৈরি হয়েছে, তা পুষিয়ে নিতে প্রাথমিক পর্যায়ে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। রমজান মাসে বিদ্যালয় বন্ধ থাকায় সৃষ্ট ঘাটতি পূরণে পরবর্তী ১০টি শনিবার দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে।

এই বিশেষ ব্যবস্থার অধীনে সাপ্তাহিক ছুটির দিনেও শ্রেণিকক্ষে নিয়মিত পাঠদান চলবে, যার প্রথম দিন নির্ধারণ করা হয়েছে আগামী ৪ এপ্রিল। মূলত শিক্ষার্থীদের পড়াশোনার ধারাবাহিকতা রক্ষা এবং নির্ধারিত সিলেবাস যথাসময়ে শেষ করতেই শিক্ষা বিভাগ এই অতিরিক্ত ক্লাসের পরিকল্পনা বাস্তবায়ন করছে।

Share Now

এই বিভাগের আরও খবর