কাবুলে পাকিস্তানি যুদ্ধবিমান লক্ষ্য করে গুলি, উত্তেজনা চরমে
মানব কথা: আফগানিস্তান জানিয়েছে, রাজধানী কাবুলের আকাশে পাকিস্তানি যুদ্ধবিমান প্রবেশ করায় সেগুলোর দিকে গুলি ছোড়া হয়েছে। রোববার ভোরের আগে শহরের বিভিন্ন এলাকায় বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা যায়।
তালেবান প্রশাসনের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, কাবুলের ওপর পাকিস্তানি বিমান উড়ছিল, তাই বিমান প্রতিরক্ষা ব্যবস্থা থেকে পাল্টা গুলি চালানো হয়। তিনি দাবি করেন, সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কিছু নেই।
গত এক সপ্তাহ ধরে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সংঘাত বাড়ছে। পাকিস্তান অভিযোগ করছে, আফগান ভূখণ্ডে জঙ্গিরা আশ্রয় পাচ্ছে। তবে আফগানিস্তান এ অভিযোগ অস্বীকার করেছে।
দুই দেশের মধ্যে সাম্প্রতিক লড়াইকে কয়েক বছরের মধ্যে সবচেয়ে তীব্র বলে মনে করা হচ্ছে। বিভিন্ন দেশ সংযমের আহ্বান জানিয়েছে এবং আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করার কথা বলেছে।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ পরিস্থিতিকে উন্মুক্ত যুদ্ধ হিসেবে বর্ণনা করেছেন। অন্যদিকে আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানি সতর্ক করে বলেছেন, এই সংঘাত খুবই ব্যয়বহুল হতে পারে।
তথ্যসূত্র : রয়টার্স











