ইরানে ৪.৩ মাত্রার ভূমিকম্প
মানব কথা: এবার ইরানে ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ৪ দশমিক ৩ এবং ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিমি। মঙ্গলবার (৩ মার্চ) মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য নিশ্চিত করেছে।
ইরানের দক্ষিণ-মধ্যাঞ্চলীয় পারস্য উপসাগর ঘেঁষা গেরাশ অঞ্চলে ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প হয়েছে।
ইউএসজিএস জানায়, ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে (৬ দশমিক ২১ মাইল) ভূমিকম্পের উৎপত্তি হয়।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল খনিজসমৃদ্ধ ইরানে যৌথ হামলা শুরু করে। সেদিনই ইরানের রাজধানী তেহরানে চালানো হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন।
জবাবে ইসরায়েলে পাল্টা হামলা শুরু করে ইরান।
পাশাপাশি ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোকে নিশানা করে হামলা চালাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমে বলেছিলেন, এই যুদ্ধ চার সপ্তাহ বা এর কম সময় পর্যন্ত চলতে পারে। তবে এখন তা যেন এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে।













